WHAT’S HOT NOW

ads header

West Bengal

Theme images by kelvinjay. Powered by Blogger.

Satire

Ancient

Mahabharat

Mahabharat

History

রাজা নরেন্দ্রমোদি ও ইমেল বার্তা


রাজা জনার্দন তাঁর রাজসভাগারে হুটাহুট শব্দবাণ প্রয়োগ করিয়া হুতোমকে স্মরণ করিতেই হুতোম তাঁর পাখনা বিস্তার করিয়া পৎপৎ মন্ত্রোচ্চারণ করিতে করিতে সভাগারের ঝাড়বাতির ওপর আসন গ্রহণ করিল। রাজা জনার্দন হুতোম দর্শনে আহ্লাদিত হইয়া সাষ্টাঙ্গ প্রণামবিধি পালনপূর্বক হুতোমকে খাদ্যাদি দ্বারা আপ্যায়ণ করিয়া নিজের কৌতূহল নিবারণ করিবার মনস্থির করিয়া হুতোমকে কহিল, “হে মহাপন্ডিত, সর্বকালবেত্তা, সর্বলোকগামী, কূলশ্রেষ্ঠ হুতোম, আপনি আজ আমাদিগের কাছে পুরাকালের ভারতবর্ষের রাজা নরেন্দ্র কাহিনী বর্ণনা করিলে আমরা ধন্য হইয়া সহস্রকোটি বৎসর আপনার জ্ঞানের প্রচার করিব”।

রাজার মুখে এইরূপ শুনিয়া হুতোম কহিল, “শোন হে নরপতি জনার্দন, পুরাকালে ভারতবর্ষে বাগ্মী রাজা নরেন্দ্রমোদি অলৌকিক ক্রিয়াদির দ্বারা জনতাকে বশীভূত করিতে সক্ষম ছিলেন। তিনি বশীকরণ মন্ত্র জানিতেন। তিনি মিত্রোঁবাণ নিক্ষেপ করিলে অন্ধজনের চক্ষুপ্রাপ্তি হইত। অমাবস্যার সন্ধ্যায় তিনবার তিনি পাকিস্তানবাণ নিক্ষেপ করিলে জনতা বশীভূত হইয়া ঢক্কানিনাদে তাঁহার জয়জয়কার করিত। জয়োধ্বনি শ্রবণ করিয়া নরেন্দ্র উৎফুল্ল হইয়া মন কি বাত মন্ত্রপাঠ করিলে বশীভূত প্রজাগণ মোদিধ্বনি প্রয়োগ করিয়া সহর্ষে জীবনযাপন করিত।“


এইরূপ কহিয়া হুতোম রাজা জনার্দনের সিংহাসনের বাহুর ওপর আসীন হইয়া চুপিচুপি কহিল, “রাজা নরেন্দ্র গুলমন্ত্র জানিতেন। ততঃদ্বারা তিনি গুলবাণ নিক্ষেপ করিলে প্রজাগণ সজ্ঞানে অজ্ঞান হইতেন। তাঁহার গুলবাদ্য শুনিয়া প্রজাগণ মুগ্ধ হইয়া পুনরায় মোদিধ্বনি তুলিয়া গুলকাহিনী কর্তন করিত। কথিত আছে সেইকালে গুলকাহিনী শ্রবণ করিলে দুরারোগ্য ব্যধি নিরাময় হইত। ক্ষুধাব্যধি নিবারণের জন্যে তিনি গুলমন্ত্র নিক্ষেপ করিলে মানুষ ক্ষুধা ত্যাগ করিয়া মোদিরবে মুখরিত হইত।“

সভাস্থলে সভাসদগণ নিশ্চুপ হইয়া হুতোম কন্ঠে প্রাচীন কাহিনী শ্রবণ করিতে করিতে মৃদু মোদিবাদ্য বাদনে মগ্ন হইতেছে। এইরূপ দেখিয়া হুতোম উৎসাহিত হইয়া গম্ভীর কন্ঠে কহিতে লাগিল, “পুরাকালে রামায়ণের রাম যখন সীতাকে খুঁজিতে তাঁহার পরাক্রমী বানরসেনাকে পৃথিবীর চতুর্দিকে প্রেরণ করিলেন, তখন পবনপুত্র মহাবীর হনুমান অহরহ নরেন্দ্রকে ইমেল করিতেন। ইমেল প্রাপ্ত হইলে মোদিরাজা রামের নিকট তাহা প্রেরণ করিয়া রামকে সীতাসন্ধানের পূঙ্খানুপূঙ্খ বর্ণনা করিতেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলিতেছে তখন মহামতি বিদুর যুদ্ধচিত্র ক্যামেরাবন্দী করিয়া রাজা নরেন্দ্রকে প্রেরণ করিতেন। নরেন্দ্র তাঁহার মন কি বাত পুরাণে এইরূপ কহিয়াছেন।”

রাত্রিকাল পূর্ণ হইয়া ভোরের আলো ফুটিতে দেখিয়া হুতোম স্বস্থানে গমনের জন্যে উদগ্রীব হইয়া রাজা জনার্দনকে কহিলেন, “হে সুমতি জ্ঞানপিপাসু জনার্দন, রাজা নরেন্দ্রমোদির কাহিনী সহস্র বৎসরকাল চলিতে পারে। সময়াভাবে অদ্য ক্ষান্ত হইলাম”। সভাসদগণ মোদিধ্বনি সহযোগে হুতোমকে সম্ভাষণ করিয়া হুতোম মহাপন্ডিতের পুনরায় আগমনের তিথি নির্ণয় করিতে লাগিল।

নতুন চশমা কিনে আমি পজিটিভ হয়ে গেলাম


পুরোন চশমাটা বাতিল করে নতুন একটা চশমা কিনেছি। এই চশমায় আমি এখন সবকিছু পজিটিভ দেখতে পাচ্ছি। আমি পজিটিভ হয়ে গেছি তারপর থেকে। গাড়ি শিল্পের মন্দার খবর আর আমি নেগেটিভ ভাবে মেনে নিতে পারছিনা। এর মধ্যেও একটা পজিটিভ দিক খুঁজে পাচ্ছি। শুনছি গাড়ি শিল্পের এবং তার অনুসারী শিল্পে মন্দার প্রভাবে ১০-১৫ লাখ লোক কর্মহীন হতে চলেছে।

এই খবরটা মোটেই দেশের প্রেক্ষিতে নেগেটিভ খবর নয়। এটা একটা পজিটিভ খবর। লোকে চাকরিহীন হলে তাদের হাতে কাজ থাকবেনা। এবং কাজ না থাকলে অনেকটা সময় বাঁচানো যাবে। যার ফলে দেশ নিয়ে চিন্তা করার জন্যে অনেকটা সময় পেয়ে যাবে লোকগুলো। তার ফলে দেশপ্রেম বাড়বে। দেশভক্তি বাড়বে। আমাদের দেশ এর ফলে আরও শক্তিশালী হয়ে উঠবে। যত বেশি দেশপ্রেমিক আমরা তৈরি করতে পারব, দেশ তত বেশি সুরক্ষিত হয়ে যাবে। তাছাড়া গাড়ি কম বিক্রি হলে পেট্রোল খরচ কমবে। আদতে পরিবেশটা দূষণের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। তাই গাড়ি কারখানার মন্দা আমার কাছে একটা পজিটিভ বার্তা বহন করছে বইকি।

নাকের ওপর চশমা গলিয়ে ইন্টারনেট সার্ফ করছিলাম। সব খবরই এবারে পজিটিভ মনে হচ্ছে। দেশের বিরুদ্ধে নেগেটিভ খবর তৈরি করছে অনেক দেশি ও বিদেশি সংবাদমাধ্যম। ওদের খবরের মধ্যে আমি পজিটিভিটি খুঁজতে গিয়ে বুঝলাম আসলে আমাদের দেশের উন্নতিকে অনেকে ভয় পেয়ে যাচ্ছে। তাই যাচ্ছেতাই লিখে যাচ্ছে। দেশদ্রোহীরাই এমন করছে। চাকরি হারিয়ে কর্মহীন হয়ে আদতে আমরা দেশপ্রেমিকের সংখ্যা বাড়াচ্ছি তা অনেকের সহ্য হচ্ছেনা। ভারতে যদি এইভাবে তিরিশ কোটি দেশপ্রেমিক তৈরি করে ফেলা যায়, তবে আমাদের দেশটাও শক্তিশালী হয়ে যাবে। পাকিস্তানকে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারব। চীনের বুকে চিনচিনে ব্যথা উঠবে। আমেরিকা চোখ টেরিয়ে আমাদের উন্নতি দেখবে। এই সুখের দিন কর্মহীন না হলে দেখার সময় কোথায় পাওয়া যাবে বলতে পারেন!

সংবাদমাধ্যমে অর্থনৈতিক মন্দার খবর নেই। বন্যার্তদের খবর নেই। পরিবেশ দূষণ ও গ্লোবাল ওয়ার্মিং-এর খবর নেই। ক্ষুধার্তদের খবর নেই। দারিদ্র্যের খবর নেই। স্বাস্থ্য সংক্রান্ত খবর নেই। শিক্ষা সংক্রান্ত খবর নেই। ভবিষ্যতের খবর নেই। চশমা দিয়ে এরও একটা পজিটিভ দিক দেখতে পেলাম। এতগুলো নেগেটিভ দিক যদি আমরা আমাদের সংবাদমাধ্যমে দেখাই বা ছাপাই তবে তা তো বিদেশিরাও দেখতে পাবে। তাতে দেশের সম্মানটা কোথায় দাঁড়াবে কেউ চিন্তা করেছে কি! তাই দেশের সমস্যার ব্যাপারগুলো নিয়ে বেশি চর্চা না করাই ভাল। এর ফলে বিদেশিরা প্যাঁক দেবে। দেশপ্রেমিকদের মনোবল কমে যেতে পারে। একবার যদি দেশপ্রেমিকদের মনোবল কমে যায় তবে তো দেশটাই দুর্বল হয়ে যাবে। তারমানে চীন আবার শক্তি দেখাবে। পাকিস্তান চোখ রাঙাবে। তার চেয়ে পাকিস্তানকে সারা বছর চোখ রাঙিয়ে যাই আমরা। ক্ষতি কি!

চশমাটা কিনে আমার দারুণ আনন্দ এখন। চোর দেখলেই তার মধ্যে ভবিষ্যতের নেতা খুঁজে পাচ্ছি। ডাকাত দেখলে বাল্মীকি দেখছি। পকেটমারকে ব্যাঙ্ক ভাবছি। কান্নার আওয়াজের মধ্যে তানপুরার তাল শুনছি। চোখের জলে মুক্তো ঝরতে দেখছি। এখন আর দড়ি দেখলে সাপ ভাবছিনা। বরং সাপ দেখলে ব্যাপারটাকে পজিটিভ করে নিয়ে একটা নিপাট দড়ি ভাবছি। ঘর পোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখে আর আগুন ভাবছিনা। ব্যাপারটাকে উলটে দিয়ে পজিটিভ চশমা পরে গনগনে আগুন দেখে এখন আমি দেশভক্তির তুলি দিয়ে শান্ত ও স্নিগ্ধ সিঁদুরে মেঘের ছবি আঁকছি। ক্ষুধার্ত হাড় জিরজিরে শরীরগুলোর মধ্যে আমি এখন ডায়েট কন্ট্রোলড ফিগার দেখছি।